আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: কয়লা পাচার মামলায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা চলছে। ঠিক তখনই যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সুকান্তের মন্তব্য, দেখুন না আজকেই বড় কিছু ঘটে যেতে পারে।
সাংবাদিকরা বিজেপি রাজ্য সভাপতিকে প্রশ্ন করেছিলেন, সিপিএম কংগ্রেস বলছে দিল্লিতে সেটিং হয়ে গেছে। এই প্রশ্নের প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেন, “এসব সেটিং ফেটিং কিছু না। দিদিমণি দিল্লি থেকে ঘুরে আসার পরই তো তার ভাই কেষ্টকে গ্রেপ্তার করেছে সিবিআই।” এরপরই সুকান্তের সংযোজন, “দেখুন না আজকেই বড় কিছু ঘটে যেতে পারে।”
এর আগেও সুকান্ত মজুমদার এমন ধরনের কথা বলেছেন, বেশ কিছুক্ষেত্রে তা মিলেও গেছে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে যেমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সেটা মিলেও গিয়েছিল। ফলে আজকের সময়টির সাথে এই মন্তব্যকেও অনেকেই মিলিয়ে ফেলতে চাইছেন।
দিন কয়েক আগে সুকান্ত বলেছিলেন, এবার তৃণমূলের হাকিমকে জেলে যেতে হবে। সেই সময় চলে এসেছে। সেই সময় তৃণমূলের তরফে প্রশ্ন উঠেছিল কি করে বিজেপির রাজ্য সভাপতি আগে থেকে এসব কথা বলছেন?
কয়লা পাচার মামলায় এই প্রথম কলকাতায় অভিষেকের জেরা চলছে। সকাল পৌনে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি কর্তারা। এর আগেও দু’বার দিল্লিতে একবার ৮ ঘন্টা একবার ৯ ঘণ্টা জেরা করা হয়েছিল অভিষেককে। এই পরিস্থিতিতে সুকান্তর মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে খোদ তৃণমূলের অভ্যন্তরে, বলে খবর। সকলের মনেই প্রশ্ন উঁকি দিয়েছে সুকান্ত আসলছ কি বলতে চাইলেন?

