আমাদের ভারত, ২৫ এপ্রিল:সামনেই অক্ষয় তৃতীয়া। সেইসময় সোনা কেনার পরম্পরা রয়েছে হিন্দুদের মধ্যে। কিন্তু এবার হিন্দুত্ববাদী সংগঠনগুলি মুসলমান দোকানীদের কাছ থেকে সোনা না কেনার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এই সোনা বিক্রয়ের টাকা দিয়ে তারা হিন্দুদের ওপরে হিংসা নামিয়ে আনছে।
শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুথালিক বলেন,”অক্ষয় তৃতীয়া সামনেই। কেরালায় বহু মুসলিম জুয়েলার্স আছে অর্থাৎ সেখানকার বেশিরভাগ সোনার দোকানের মালিক মুসলমান। আমি সাধারণ মানুষকে সেখান থেকে সোনা না কেনার অনুরোধ করছি।” তিনি বলেন, “এটি সেই কেরালা যেখানে ৮০০ হিন্দুকে খুন করা হয়েছিল। আমরা গয়না কেনার জন্য যে টাকা খরচ করি সেটা চলে যায় কেরালার মুসলিম সংগঠনগুলির কাছে। যেখানে হিন্দুদের খুন করার পরিকল্পনা করা হচ্ছে। হিন্দুদের ওপর হামলা হচ্ছে। লাভ জিহাদ হচ্ছে। ১২ হাজারেরও বেশি মেয়েদের ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করা হয়েছে। আর এই সব হচ্ছে হিন্দুদের এই গয়না কেনার টাকায়।” তিনি অনুরোধ করেন,হিন্দুরা যেনো হিন্দু জুয়েলার্স থেকেই গয়না কেনেন।
এপ্রিল মাসের শুরুতেই বেঙ্গালুরু চামুন্ডি পাহাড়ের উপর হিন্দু মন্দিরের কাছে অ-হিন্দু ব্যবসায়ীদের নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছিল। এছাড়াও হিন্দুত্ববাদী সংগঠনগুলি হালাল মাংস না কেনার আবেদন জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে। এবার মুসলিম জুয়েলার্সের কাছে সোনার গয়না না কেনার আহ্বান জানানো হলো।

