দুর্বল লোকেদের এজেন্ট করবেন না: মমতা

আমাদের ভারত, হাওড়া, ৪ এপ্রিল: যারা একটুতেই ভয় পেয়ে যায় সেইসব দুর্বল লোকেদের এজেন্ট করবেন না। প্রয়োজনে কন্যাশ্রী মেয়েদের এজেন্ট করুন। বঙ্গজননী মেয়েদের এজেন্ট করুন। রবিবার আমতার বাকসী ফুটবল মাঠে এক জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আমতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পালের সমর্থনে আয়োজিত জনসভা থেকে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি অভিযোগ করেন, ভোট লুট করার জন্য পুলিশ অফিসারদের পরিবর্তন করা হচ্ছে। নিজেদের পছন্দের পুলিশ আনা হচ্ছে। তিনি বলেন, ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাবে। আপনারা ভয় পাবেন না। দিল্লির পুলিশ গেলে শাঁখ বাজাবেন, ওরা ভালো ব্যাবহার করলে চা বিস্কুট খেতে দেবেন। আর যদি খারাপ ব্যবহার করে তাহলে হাতা খুন্তি দিয়ে আদর করে দেবেন।

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিতব। তবে আমি একা জিতলে কিছু হবে না। দলের সব প্রার্থীকে জিততে হবে। আর আমরা যদি সরকার গড়তে না পারি তাহলে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে। সেই কারণে সকাল সকাল ভোট দিন। একদিন পান্তা খাবেন, মুড়ি বাতাসা খাবেন তবু বিজেপিকে ভোট দেবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়ায় নবান্ন। এই হাওড়ার মানুষ তৃণমূলের জন্মদাত্রী মা। তিনি বলেন, কুলিয়া সেতুর জন্য প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কাজ খুব শীঘ্র শুরু হবে। ৫৪ কোটি টাকার আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে ৩ হাজার কোটি টাকার লোয়ার দামোদর বেসিন প্রোজেক্ট তৈরি করা হয়েছে। উলুবেড়িয়ায় মেডিক্যাল কলেজ হচ্ছে।

এদিনের এই জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের প্রার্থী সুকান্ত পাল, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী পুলক রায়, বাগনান কেন্দ্রের প্রার্থী অরুনাভ সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *