সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ ডিসেম্বর: ক্যান্সার আক্রান্ত এক মুমূর্ষু রোগীর জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করল বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। আজ সকালে সোনামুখী থেকে ক্যান্সার রোগাক্রান্ত মীরা লক্ষ্মণ গুঁই’কে বাঁকুড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে কেমোথেরাপির জন্য নিয়ে আসা হয়। কিন্তু কেমোথেরাপির জন্য প্রয়োজনীয় ‘এ’ পজিটিভ রক্ত ছিল না বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কে। এই অসহায় অবস্থায় রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করে ব্লাড ডোনার্স সোসাইটি।
বাঁকুড়া ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা জানান, রোগীর পরিবারের পক্ষ থেকে তাদের বিষয়টি জানানোর পরই তিনি উদ্যোগ গ্রহণ করে ‘এ’ পজিটিভ রক্তের বাহক স্হানীয় গোপীনাথপুরের বাসিন্দা অসীম দাসকে সঙ্গে নিয় ব্লাড ব্যাঙ্কে হাজির হন।সেখানে অসীমবাবু রক্ত দান করেন। সেই রক্ত দিয়ে রোগীর কেমোথেরাপি হয়। এক মুমূর্ষু রোগীর জন্য সরাসরি রক্ত দান করে স্বাভাবিকভাবেই অসীমবাবু খুশি। ব্লাড ডোনার্স সোসাইটির এই তৎফরতায় রোগীর পরিবারের পক্ষ থেকে সোসাইটি ও রক্ত দাতা অসীমবাবুকে কৃতজ্ঞতা জানানো হয়।

