আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ জুলাই: বৃহস্পতিবার সাত সকালে শুট আউট ডোমকলে। গুলিতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। মৃত ব্যক্তির নাম আমরুল মন্ডল (৫৫)। ছাগল নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর। এর মাঝেই খুন হতে হল এই ব্যক্তিকে। স্থানীয় বিবাদ নিয়ে থানায় যাওয়া বিষয়ে তাকে হুমকি দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে জনসমক্ষেই গুলি করা হয়। ঘটনার পর থেকে পলাতল অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ, এলাকায় টহল চলছে পুলিশের। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
এলাকার বাসিন্দা লালন মন্ডল জানান, বুধবার বিকেলে একটি ছাগল নিয়ে বিবাদ হয় এবং বৃহস্পতিবার সকালে পিয়ারুল, রাজু ও সারোয়ার এলাকায় বাইক নিয়ে টহল দিচ্ছিল। সারোয়ার ডোমকল আট নং গ্রাম পঞ্চায়েতের সদস্যর ছেলে। সারোয়ার, পিয়ারুল ও রাজু গুলি করে বলে অভিযোগ।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার জানান, খুনের ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

