জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: শিক্ষিত ভাই বোনেদের বিনামূল্যে ফ্রি কোচিং ব্যবস্থা, সরকারি চাকরি, সামাজিক উন্নতির জন্য ডোম উন্নয়ন পর্ষদ গঠন করা সহ মোট ১০ দফা দাবির ভিত্তিতে এবার পথে নামল ডোম সমাজ। মেদিনীপুর জেলায় প্রায় ৫০ হাজার জনজাতি নিয়ে বসবাসকারী এই ডোম সমাজ অভিযোগ করে, দীর্ঘ ৭০ বছর ধরে তারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই তারা আজ পথে নামতে বাধ্য হয়েছে। সোমবার মেদিনীপুর শহরে মিছিলের পাশাপাশি জেলাশাসককে ডেপুটেশন দেওয়া ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ডোম সম্প্রদায়ের কয়েকশো মানুষ। তাদের ১০ দফা দাবি অবিলম্বে পূরণ না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন নেতৃত্ব।

সম্প্রদায়ের নেতৃত্ব সহদেব কালিন্দীর অভিযোগ, দীর্ঘ ৭০ বছর ধরে তাদের দাবি দাওয়া পূরণ করেনি সরকার। স্বীকৃতি না মেলায় তাদেরকে ঘৃণ্য চোখে দেখে এই সমাজ। তাই তাদের এই ১০ দফা দাবি অবিলম্বে পূরণ করতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

