সাথী দাস, পুরুলিয়া, ২৯ মার্চ: পলাশ শিমুল শাল পিয়াল মহুয়ার পুরুলিয়ায় দোলের উৎসব হয়ে গেল। দোল পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত পলাশ বনে উৎসবে মাতল অযোধ্যা পাহাড়তলির বানজারা ক্যাম্প। প্রকৃতির মাঝে ৩৯ ডিগ্রি তাপ মাত্রার মধ্যেও প্রাণবন্ত হয়ে উঠেছিলেন উৎসবে অংশগ্রহণকারীরা। মহুয়ার গন্ধে আর পলাশ শিমুলের শোভায় উৎসব জমে যায়।
শান্তিনিকেতনে উৎসব বন্ধ হয়ে যাওয়ায় দোল উৎসবে অনেকের পছন্দ এখন পুরুলিয়া জেলার অয্যোধ্যা পাহাড়। কলকাতা ও চন্দননগর থেকে দোল উৎসব উপলক্ষ্যে আগত পর্যটকরা জানান, শান্তিনিকেতন এখন আর সে শান্তিনিকেতন নেই। তাই পলাশের টানে, এখানকার মানুষ ও পরিবেশের টানে আমরা দোল ও হোলি উৎসবে এখানেই আসি। বার বার আসবো। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে।

পুরুলিয়া জেলার শুধু অযোধ্যা পাহাড়ের বিভিন্ন স্থানে নয়, সাঁতুড়ির বড়ন্তি, পাঞ্চেত পাহাড়, জয়পুরের দেউল ঘাটাতেও রঙের উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া পুরুলিয়ার শুরুলিয়াতে পলাশ ঘেরা স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দোল উৎসব হয়।

