দারুণ কাজ করছেন, ২০২৪- এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদী, দাবি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের

আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: রাষ্ট্রপতি থাকাকালীন দারুন সম্পর্ক ছিল তার মোদীর সঙ্গে। ভোটে হেরে গিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন ট্রাম্প। কিন্তু তারপরেও মোদীর প্রশংসা থেকে থেমে থাকেননি তিনি। একটি জাতীয় স্তরের টেলিভিশনকে সাক্ষাৎকার দিতে গিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের মন্তব্য মোদী একজন অসাধারণ মানুষ। তিনি দারুন কাজ করেছেন। আমার মনে হয় ২০২৪ সালে আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন মোদী।

মঞ্চে উঠেছেন পাশাপাশি হাত ধরে। একসাথে এগিয়ে গেছেন বিপুল জনগণের মধ্যে। ভূয়সি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পরস্পর পরস্পরের। আমেরিকার রাষ্ট্রপতি পদে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর মৈত্রীর এই নিদর্শন দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল ভারত সহ বিশ্ববাসী। ট্রাম্পের পূর্বসূরী ছিলেন বারাক ওবামা। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ওবামা নাকি ট্রাম্প, কার সময় নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক বেশি ভালো ছিল। সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এই প্রশ্ন মোদীকে করাই উচিত। তবে আমার মনে হয় আমার সময়ের চেয়ে ভালো মৈত্রী সম্পর্ক ভারত আর পাবে না।”

মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমার বন্ধু মোদী। ভারতবাসীর কল্যাণের কাজ নিরলসভাবে করে চলেছেন। মোদী ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন অতীতে একাধিকবার দেখা গেছে। ২০১৯-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে হাউডি মোদী সভায় প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী ভারতীয়ের সামনে কূটনীতির বেড়া টপকে আবকি বার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, “ট্রাম্পের নেতৃত্বগুণ আমেরিকাকে নিয়ে ওর আবেগ দেশের নাগরিকের জন্য ওর উদ্বেগ এবং আমেরিকাকে মহান করে তোলার জন্য ওর তাগিদ আমাকে অনুপ্রাণিত করে।”

২০২০ -র ফেব্রুয়ারি মাসে ভারত সফরে এসে গুজরাটের আমেদাবাদে পুনর্নির্মিত মতেরা ক্রিকেট স্টেডিয়াম যা সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে পরিচিত, উদ্বোধন করেছিলেন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া। লক্ষাধিক মানুষের সেই জামায়াতে মোদী দাবি করেছিলেন তিনি এবং ট্রাম্প দিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। সেখানে স্লোগান উঠেছিল নমস্তে ট্রাম্প।

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ভিডিও প্রচারের মোদীর এই বক্তৃতা ক্লিপিংস ব্যবহার করা হয়েছিল ট্রাম্পের তরফে ভারতীয় বংশোদ্ভুতদের ভোট পেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *