রাস্তা সারাইয়ের দাবিতে ডিওআইএফআইয়ের পথ অবরোধ ফুলিয়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ জুলাই: ৩৪ নং জাতীয় সড়ক থেকে তাহেরপুর ও বীরনগর যাওয়ার একমাত্র প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিডিও অফিসের সামনে দিয়ে আরবান্দি পর্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ রাস্তা খারাপ‌ থাকার কারণে একাধিকবার যাত্রী বিক্ষোভ হয়। এমনকি সংবাদ শিরোনামে উঠেও এসেছিল সেই খবর। অথচ শান্তিপুরের উন্নয়ন আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি, পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়মিত যাতায়াত এই পথ দিয়েই।

জেলার প্রাণী চিকিৎসাকেন্দ্র, কিষাণ মান্ডি, একমাত্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তাঁত শাড়ির বহিরাগত ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ রেলস্টেশনে সাধারণ মানুষের যাতায়াত এই পথেই। প্রায় এক যুগ সময় পার হয়ে গেলেও বর্ষায় কাদায় নাজেহাল প্রত্যেকেই। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চিঠি থেকে শুরু করে ডেপুটেশন কোনো কিছুই বাদ যায়নি। তবুও উদাসীন প্রশাসন। আর সেই ক্ষোভেই আজ পথে নামল ফুলিয়া সিপিআইএমের শাখা ডিওয়াইএফআই।

তাদের পক্ষ থেকে ফুলিয়া বিডিও অফিসের সামনে রাস্তার উপর অবরোধ চলে দীর্ঘ এক ঘন্টা ধরে। তাদের দাবি, জনসমক্ষে এসে বিডিওকে কথা দিতে হবে, রাস্তা সংস্কার না হলে অবরোধ আবারো চলবে। যদিও বিডিওর মৌখিক আশ্বাসে আপাতত ওঠে অবরোধ। তবে
ডিওয়াইএফআই’য়ের পক্ষ থেকে আবারো ডেপুটেশন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *