অকালপ্রয়াত পুত্রের জন্মদিনে চাঙ্গুয়ালে শিক্ষাসামগ্রী বিতরণ করলেন চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আর স্বজ্ঞানে বাড়ি ফেরা হয়নি তরতাজা তরুণ সৌরদীপ চৌধুরীর। পুত্রের অকাল ও আকস্মিক প্রয়াণে বেদনাহত পিতা মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী পুত্রের স্মৃতিতে ফাউন্ডেশন গড়ে তুলেছেন। এই ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সৌরদীপের ২১তম জন্মদিন উপলক্ষ্যে খড়্গপুর মহকুমার চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তন (উ.মা)-এর দেড় শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হলো। এভাবেই জন্মদিনে পুত্রকে স্মরণ করলেন পুত্রশোকে ভারাক্রান্ত পিতা।সৌরদীপের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌরদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরী, চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তনের প্রধান শিক্ষক ড: গৌরীশংকর সেন, বিদ্যালয়ের সভাপতি শক্তিপদ সিংহ, বিশিষ্ট সমাজসেবী ডাঃ বাসুদেব চক্রবর্তী, সমাজকর্মী অধ্যাপক শিবদেব মিত্র, ফাউন্ডেশন সদস্য সৌভিক খড়দা প্রমুখ। সৌরদীপ ফাউন্ডেশনের এই মহতি কাজে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন বিশিষ্ট অধ্যাপক ড: বিশ্বজিৎ সেন, বিশিষ্ট শিক্ষক সুদীপ খাঁড়া, বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ পড়িয়া, বিশিষ্ট প্রধান শিক্ষক ড: প্রসুন পড়িয়া, সমাজকর্মী কুন্দন গোপ সহ অন্যান্য শুভানুধ্যায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *