করোনায় আক্রান্ত ঝালদা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও কর্মীরা, বন্ধ ইনডোর পরিষেবা

সাথী দাস, পুরুলিয়া, ২১ এপ্রিল: ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ হয়ে গেল ইনডোর পরিষেবা। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, করোনার প্রকোপে আক্রান্ত স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও কর্মীরা। তাই, বন্ধ রাখা হল ইনডোর পরিষেবা। ২১ এপ্রিল অর্থ্যাৎ আজ থেকে বন্ধ করার নোটিশ জারি করল কর্তৃপক্ষ।

ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ মন্ডল জানান এখানে ডাক্তার, নার্স, জিডিএ, সুইপার সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। চালানোর মত পর্যাপ্ত ডাক্তার এবং স্বাস্থ্য কর্মী না থাকায় পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দেবাশিস বাবু বলেন, মেডিকেল অফিসার তিনজনের মধ্যে ২ জন করোনা আক্রান্ত। ১২ জন নার্সের মধ্যে পাঁচজন, জিডিএ ছয় জনের মধ্যে ২ জন আর সুইপার তিনজনের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পর্যাপ্ত ডাক্তার না থাকায় ইনডোর পরিষেবা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। আউটডোর পরিষেবা আগে যেভাবে চলত এখনও সেভাবেই চলবে।

ব্লক প্রাথমিক স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে, এখানে রয়েছে ৩০টি বেড। নিয়মিত ভর্তি থাকেন ৪০ থেকে ৫০ জন রোগী। রোগীদের বলা হচ্ছে পরিষেবা পেতে পাশের ব্লক বাঘমুন্ডি, কোটশীলা বা জয়পুর স্বাস্থ্য কেন্দ্রে যেতে। গর্ভবতী, প্রসূতিদের সেখানে গিয়ে পরিষেবা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তি হচ্ছে রোগী ও তাঁদের পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *