আন্দোলন করলেই কি চাকরি দিতে হবে? এটা সম্ভব নয়: ব্রাত্য বসু

আমাদের ভারত, ৩১ অক্টোবর: নিয়োগ দুর্নীতি থেকে চাকরিতে নিয়োগ নানা অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গান্ধী মূর্তি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে ধর্না বিক্ষোভ চলেছে। চাকরির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন চলছে। এরই মধ্যে পর্ষদ নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু তাতেও আন্দোলন প্রশমিত হয়নি। এবিষয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, আন্দোলন করলেই কি সকলকে চাকরি দিতে হবে? এটা সম্ভব নয়। চাকুরির সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন আন্দোলন করে চাকরি পাওয়া যাবে না। তার কথায়, চাকরি হয় যোগ্যতা ও মেধার ভিত্তিতে। আন্দোলন মামলার ফলে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়। তাতে নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি পাল্টা প্রশ্ন তোলেন নেট পাশ করে কি সবাই চাকরি পান? জয়েন্ট পাস করে কি সবাই ইঞ্জিনিয়ারিং-এ সুযোগ পান? এভাবে আন্দোলন চললে সরকারের কাজ করা মুশকিল হয়ে যায়। বিরোধীরা চান না অধিকাংশ চাকরি পাক।

কয়েকদিন আগে করুণাময়ীতে পর্ষদের সামনে ২০১৪ টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীদের আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেছিল এলাকা। টানা ৯০ ঘন্টা ধরে রাস্তায় বসে থাকা আন্দোলনকারীদের মাত্র ১৫ মিনিটে টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সামিল হয় বিরোধীরা। রাস্তায় নামে সাধারণ মানুষ নাগরিক সমাজ।

কিন্তু পর্ষদ জানিয়ে দিয়েছিল আন্দোলনকারীদের দাবি মানা সম্ভব নয়। সবাইকে নিয়ম অনুযায়ী চাকরির সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *