আমাদের ভারত, ১১ জানুয়ারি: মুসলিমদের ভারতে ভয় পাওয়ার কিছু নেই, তবে তাদের আধিপত্য বিস্তারের ভাবনা ও বড় কথা বলা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র অর্গানাইজার এবং পাঞ্চজন্যে একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এলজিবিটিকিউ(সমকামী) গোষ্ঠীর মানুষের প্রতিও সমর্থন আছে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে তাদের একটা নিজস্ব ব্যক্তিগত পরিসর থাকা দরকার। সংঘ বিষয়টি নিয়ে প্রচারে নামবে বলেও জানিয়েছেন ভাগবত।
সংঘের মুখপত্র পাঞ্চজন্য এবং অর্গানাইজারে প্রকাশিত সাক্ষাৎকারে ভাগবত বলেছেন, “সরল সত্যটা হলো হিন্দুস্তান হলো হিন্দুস্তানই। এদেশে মুসলিমদের কোনো ক্ষতি হবে না। ইসলামের ভয় পাওয়ার কিছু নেই। তবে মুসলমানদের অবশ্যই তাদের আধিপত্যের দাম্ভিক চিন্তাকে পরিত্যাগ করতে হবে।” ভাগবতের মতে মুসলিমদের মধ্যে একটা ভাবনা রয়েছে, “আমরা একদিন দেশকে শাসন করেছি, ফের শাসন করবো। আমাদের পথ একমাত্র সঠিক পথ। অন্যদের পথ ভুল।” এই ভাবনা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছেন ভাগবত।
একই সঙ্গে তিনি বলেন, হিন্দু সমাজ হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য আরও একটি যুদ্ধের মধ্যে রয়েছে। তার কথায় হিন্দু সমাজ গত এক হাজার বছর ধরে যুদ্ধের মধ্যে রয়েছে। আগে বিদেশি হানাদারদের সঙ্গে যুদ্ধ করেছে, এখন বিদেশি প্রভাব এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলছে। আর এসবের কারণে হিন্দু সমাজ জেগে উঠেছে, যারা যুদ্ধের মধ্যে রয়েছেন তাদের বিরুদ্ধে আক্রমণ হওয়াটা স্বাভাবিক।
আরএসএস প্রধান এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, তাদেরও নিজস্ব ব্যক্তিগত জায়গা থাকা উচিত এবং সংঘ এই দৃষ্টিভঙ্গির প্রচার করবে।

