আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযান নিয়ে নতুন করে অকারণে যেন কাউকে গ্রেপ্তার বা হেনস্থা না করা হয়। মঙ্গলবার রাজ্য সরকারকে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
বিজেপি তরফে আইনজীবী সুবীর সান্যাল জানান, এখনো অনেককে গ্রেপ্তার করা হচ্ছে সম্পূর্ণ অকারণে। এখনো পর্যন্ত ৫৫০ জন গ্রেপ্তার হয়েছে রাজ্যজুড়ে। এর পাল্টায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, “যাদের গ্রেপ্তারের কথা বলা হচ্ছে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে অকারণ গ্রেপ্তার করা হয়নি। নাম দেওয়া হোক। কখন গ্রেপ্তার হয়েছে বলে জানালে রাজ্য বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখবে।”
এরপরে বিজেপির তরফে আইনজীবী সুবীর সান্যাল বলেন,” বৌ বাজার এলাকায় বেশ কয়েকজনকে সাংঘাতিকভাবে নির্যাতন করেছে পুলিশ। বহু লোকজনকে অকারণে হেনস্থা করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো আইন ভঙ্গ করেছে বলে গ্রেপ্তার করা হয়নি। মিছিল করা আমাদের আইন সঙ্গত অধিকার।”
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন, নাম সহ ডিটেইল দিলে তিনি দেখবেন। সুবীর সান্যাল বলেন, “প্রতিদিন হেনস্থা করা হচ্ছে। পুজোর সময় হেনস্থা করা বন্ধ করতে হবে। “প্রধান বিচারপতি তখন বলেন, “আপনারা কি চাইছেন?” তখন সুবীর সান্যাল বলেন, “অবিলম্বে গ্রেপ্তার করা বন্ধ করা হোক। হেনস্থা বন্ধ হোক।’ সেই সময় অ্যাডভোকেট জেনারেল বলেন, “অভিযোগের ভিত্তিতে রিপোর্ট দেওয়া হয়েছে। কাউকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। আইন আইনের পথে চলবে।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৩১ অক্টোবর এই মামলাটি শুনবে। ইতিমধ্যে রাজ্য জানাবে কি কি পদক্ষেপ করা হয়েছে এক্ষেত্রে। পাশাপাশি অকারণে কাউকে যেন গ্রেফতার না করা হয় সেটা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।

