দীপাবলিতে ছুটি আমেরিকাতেও? নিয়ম চালুর তোড়জোড়

আমাদের ভারত, ৫ নভেম্বর: এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেও দীপাবলিতে ছুটি পাওয়া যেতে পারে। এমনই এক বিল পেশ করা হয়েছে মার্কিন কংগ্রেসে বলে জানিয়েছেন কংগ্রেসের অন্যতম মহিলা সদস্য ক্যারোলিন বি ম্যালোনি। আলোর এই উৎসবকে আমেরিকার ফেডারেল হলিডে হিসেবে ঘোষণা করার কথা বলা হয়েছে এই বিলে।

আমেরিকার ক্যাপিটাল হিলের এক অনুষ্ঠানে ম্যালোনি জানিয়েছেন, কংগ্রেসে এই বিল পেশ করতে পেরে অত্যন্ত খুশি। এটি পাশ হয়ে গেলে দীপাবলিও একটি ফেডারেল হলিডে হিসেবে গণ্য হবে। ঐতিহাসিক এই বিলের সমর্থন জানিয়েছেন কংগ্রেসের আরও অনেক সদস্য।

বিশেষ করে রাজা কৃষ্ণমূর্তি দীপাবলির ধর্মীয় এবং ঐতিহাসিক দিক তুলে ধরে মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব পেশ করেছেন। কৃষ্ণমূর্তি বলেন, এবছর দীপাবলি আমেরিকাকে কোভিডের কালো অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে।

ম্যালোনি আরও বলেন, আমি আপনাদের সঙ্গে অন্ধকারকে হারিয়ে আলোর জয়, খারাপের উপর ভালোর জয় এবং অজ্ঞানতার উপর জ্ঞানের জয় উদযাপন করতে পেরে খুব গর্বিত। দীপাবলি আমাদের দেশে করোনার অন্ধকার থেকে বেরিয়ে আসার যাত্রার প্রতীক। দীপাবলির মত উৎসব পালনের মাধ্যমে আমাদের দেশের সুখ, শিক্ষা ও আলোর বার্তা বহন করা হবে। আমার সহকর্মীরা, ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের নেতারা এবং আমি বিশ্বাস করি যে ভয়াবহ অন্ধকার অতিমারীর এই প্রেক্ষাপটে দীপাবলিকে ফেডারাল ছুটি হিসেবে পালন করার জন্য, এর চেয়ে ভালো সময় আর নেই।

মার্কিন কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সদস্য তথা হাউস অফ ফরেন আফেয়ারস কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিক্স এই অ্যাক্টটিকে সমর্থন করেছেন। তাঁর কথায়, এটি এমন একটি বিষয় যে আমেরিকান সমাজে আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। এটি একটি ভালো দিন কারণ আমরা অন্ধকারের ওপর আলোর জয়ের কথা বলেছি এবং দীপাবলিও সেই একই বিষয়ে কথা বলে।

হাউস অফ ফরেন আফেয়ারস কমিটি এটিকে সমর্থন করবে এবং এই বিলের হয়ে সওয়াল করবে বলেও জানিয়েছেন গ্রেগরি মিকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *