আমাদের ভারত, ৩ নভেম্বর: দীপাবলীর আগের রাতেই মধ্যবিত্তদের বড়সড় স্বস্তি দিয়ে পেট্রোল-ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করল মোদী সরকার। বুধবার দুই পেট্রোপণ্যের উপর বিরাট অংকের শুল্ক কমানোর সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্র সরকার। আজ মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম।
এএনআই সূত্রে খবর, পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলের ১০ টাকা উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র সরকার। উৎসবের মরসুমে এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমে যাবে পেট্রোপণ্যের দাম। উৎপাদন শুল্কে ছাড় দেওয়া ছাড়াও রাজ্যগুলির কাছে দুই পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর আর্জি জানিয়েছে অর্থমন্ত্রক।
গোটা অক্টোবর মাস জুড়ে পেট্রোলের দাম প্রতিদিন বেড়েছে, আর নাভিশ্বাস উঠেছে আম আদমির। পেট্রোলের দাম চলতি বছরে প্রায় ৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। তার সাথে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। সবমিলিয়ে জ্বালানির দাম বৃদ্ধির আগুনের জ্বলছিল জনতা। দেশজুড়ে বারবারই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল বিরোধী দলগুলো।
এদিন অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ করা হয়েছে। পেট্রোল-ডিজেলের শুল্ক কমলে একদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে তেমনি চাহিদা বাড়বে। এর ফলে সুবিধা পাবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। ফলে কেন্দ্রীয় সরকারের তরফে যে এটি দীপাবলির সেরা উপহার, সেটা বলার অপেক্ষা রাখে না।

