আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি: বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের উপর হেনস্থার ভিডিয়ো ভাইরাল হলো। শনিবার এসআইআর শুনানির শেষ দিন। এরপর বাকি থাকে শুধু চূড়ান্ত তালিকা প্রকাশ। এরই মধ্যে বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্তার অভিযোগে অশান্ত হলো বাদুড়িয়া। ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে সিইও-র তরফে।
শুক্রবার বিকেলেই বাদুড়িয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বাদুড়িয়ার চন্ডীপুরের উত্তর ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথে ৩৩ জন মৃত ও ১২ জন ডবল এন্ট্রি ভোটারের নামে ফর্ম ৭ পূরণ করে জমা করেছে বিজেপি। তৃণমূলের দাবি, যাদের মৃত হিসেবে দেখানো হচ্ছে তাঁরা প্রত্যেকে জীবিত। যাদের শুনানি হয়েছে, এমন ব্যক্তিদের মৃত দেখিয়ে ফর্ম ৭ পূরণ করে এসআইআর-এ বিডিও অফিসে জমা দিচ্ছে বিজেপি। বাদুড়িয়ায় এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। এরই প্রতিবাদে শনিবার শুনানী কেন্দ্রে তৃণমূলের তথাকথিত শান্তি বাহিনীর একদল সমর্থক বিক্ষোভ দেখায়।
যদিও বিজেপির দাবি, তৃণমূল উদ্দেশ্যপূর্ণভাবে অশান্তি পাকাচ্ছে। এর সঙ্গে বিজেপি-র কোনও যোগ নেই। বাদুড়িয়ার বিডিও পার্থ হাজরা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

