আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ আগস্ট: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এল। তমলুক ব্লকের পদুমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অনাস্থা। অনাস্থা প্রস্তাব পাস হয়ে ভেঙে গেল বোর্ড। পদমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫ জন সদস্যের মধ্যে ১৩ জন তৃণমূলের সদস্য। ১৩ জনের মধ্যে ৮ জন সদস্য তৃণমূল ও দু’জন নির্দল অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলে অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায়। পঞ্চায়েত প্রধান অবশ্য এই ব্যাপারে কোনও কিছু বলতে রাজি হননি।

এক পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, প্রধান তাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন কিন্তু তিনি কোনও সদস্যের কোনও কথা না শুনে নিজের মতো কাজ চালানোর জন্য অনাস্থা প্রস্তাব আনা হয়। দলের নির্দেশে পুনরায় আবার প্রধান নির্বাচন করা হবে। তৃণমূলের অঞ্চল সভাপতি অবশ্য এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ। তিনি এটাকে বিজেপির কারসাজি বলে মন্তব্য করেছেন। তবে আজকের এই তৃণমূল প্রধানের বিরুদ্ধে তৃণমূল সদস্যদের অনাস্থা আনার ঘটনাকে বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছে।

