পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। সেই প্রেক্ষিতেই পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

রবিবারের এই রুটমার্চে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন পুলিশ সুপার। পথচলতি মানুষ, স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে আলাপচারিতায় তিনি সকলকে নির্ভয়ে ভোটদান করার আহ্বান জানান। তাঁর স্পষ্ট বার্তা— “ভয় না পেয়ে ভোট দিন, আমরা সব সময় আপনাদের পাশে আছি।”

রুটমার্চ চলাকালীন শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন সুরক্ষার দিকেও নজর দেন তিনি। হেলমেট ছাড়া বাইক চালানো ব্যক্তিদের থামিয়ে সচেতন করা হয় এবং তাঁদের হেলমেট ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়।

এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গেও কথা বলেন পুলিশ সুপার। এলাকায় কড়া নজরদারি চালানো, টহলদারি জোরদার করা এবং যে কোনও পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক নির্দেশ দেন তিনি।

প্রশাসনের এই উদ্যোগে বেলদা সহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা প্রশাসনের।

