সাংসদ দেবের প্রতিনিধি সিতেশ ধাড়ার বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের জেলা এসসি, এসটি সেলের সভাপতির

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের প্রতিনিধি সিতেশ ধাড়ার বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলেরই জেলা এসসি, এসটি সেলের সভাপতি পঞ্চানন দোলুই। এ বিষয়ে ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পঞ্চানন দোলুইয়ের অভিযোগ, গত ২৮ নভেম্বর রাত আটটা নাগাদ সিতেশ ধাড়া ও তার দলবল ডেবরা বাজারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত এসসি, এসটি এবং ওবিসি সেলের লেখা ব্যানার ছিঁড়ে দেয়। বাধা দিতে গেলে তারা ধাক্কাধাক্কি করে এবং খুনের হুমকি দেয়। পঞ্চানন দোলুইয়ের আরো অভিযোগ, ডেবরার একটি লজে মধুচক্রের আসর বসার পাশাপাশি সেখানে বিভিন্ন রকমের নেশার দ্রব্য বিক্রি হয়। এই ঘটনার প্রতিবাদ করার পরেও তাকে লোক লাগিয়ে খুনের হুমকি দেওয়া হয়। গত ৬ ডিসেম্বর হুমকি দেওয়ার বিষয়টি লিখিতভাবে এফআইআর আকারে ডেবরা থানায় অভিযোগ করা হয়। অভিযোগ জানানোর পর প্রাণভয়ে থাকতে হচ্ছে। নিরাপত্তা চেয়ে পুলিশে আবেদন জানানো হয়েছে এবং বিষয়টি প্রশাসনের উচ্চস্তরেও জানানো হয়েছে।

এই ব্যাপারে সাংসদ প্রতিনিধি সিতেশ ধাড়াকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে রাজি নয়, তিনি জানান, “এই ব্যাপারে কোনো উত্তর দেবো না আমি, এই নিয়ে যা বলার দলকে জানাবো। সংবাদ মাধ্যমে কোনো কিছু বলবো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *