জেলা সভাপতি পরিবর্তন করে বাঁকুড়ায় হারানো জমি উদ্ধারে তৃণমূল শিবির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ নভেম্বর: তৃণমূলের বর্ষীয়ান নেতা অরূপ চক্রবর্তীকে দলের জেলা সভাপতি মনোনীত করে জেলার হারানো জমি উদ্ধারের প্রচেষ্টা শুরু করেছে তৃণমূল। অরূপবাবু জেলা সভাপতি মনোনীত হতেই জেলার তৃণমূল শিবির কিছুটা উজ্জীবিত। সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে নতুন সভাপতিকে বরণ করতে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক হাজির হয় জেলা পরিষদ অডিটোরিয়ামে। বেলা এগারোটা নাগাদ নতুন সভাপতিকে সঙ্গে নিয়ে বিশাল মিছিল বের হয়। নতুন সভাপতির ছবি সহ প্ল‍্যাকার্ড হাতে বহু মানুষ সামিল হন মিছিলে।

হুড খোলা গাড়িতে অভিনেত্রী সায়ন্তিকা ব্যনার্জি ও দলের চেয়ারপার্সন অলকা সেন মজুমদার’কে সঙ্গে নিয়ে অরূপবাবু কর্মী সমর্থকদের উৎসাহে গা ভাসান।
অরূপবাবুর নাম জেলা সভাপতি হিসাবে ঘোষিত হতেই হতোদ্যম কর্মীরা উজ্জীবিত হয়ে যায়।

দলের মন্ত্রী থেকে বেশ কয়েকজন নেতা ইডি আর সিবিআই’য়ের জালে। তাদের স্হান এখন কারাগারে। একের পর এক এই ঘটনায় হতাশা নেমে আসে তৃণমূলে। সামনেই লোকসভা নির্বাচন। তাকে সামনে রেখেই সভাপতি বদল করে জেলায় ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। গত লোকসভ নির্বাচনে জেলার দুটি আসনই হাতছাড়া হয় তৃণমূলের। একই ভাবে বিধানসভা নির্বাচনেও বিজেপির কাছে পর্যুদস্ত হয় তৃণমূল। জেলার বারোটি আসনের মধ্যে আটটিতে পরাজয় বরণ করে তৃণমূল। অরূপবাবুকে সামনে রেখে লড়াই করে তৃণমূল হারানো জমি কতটা উদ্ধার করতে পারে সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *