পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে শালবনীর গোয়ালডিহির পাথরকুমকুমি গ্রামের লোধা কমিউনিটি হলে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় ২৫০ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। তাঁদের জন্য দুপুরের খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়।

পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি সহ পুলিশ আধিকারিকরা নিজেদের হাতে খাবার পরিবেশন করেন। লোধা ও শবর সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েই এই আয়োজন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি এও বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষা করা ছাড়াও সারা বছর ধরে পুলিশ এই ধরনের নানা মানবিক কাজ করে থাকে। স্বয়ং মুখ্যমন্ত্রীও এই বিষয়ে আমাদের অনুপ্রাণিত করেন। এদিন লোধা, শবর তথা জনজাতি অধ্যুষিত গ্রামের মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই আয়োজন করা হয়। স্বাস্থ্য দপ্তরের তরফেও সহযোগিতা করা হয়েছে। শিবির শেষে একটু খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল।’


