পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আজ শালবনির জঙ্গল অধ্যুষিত এলাকায় পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক জনসম্পর্ক কর্মসূচির আয়োজন করা হয়। মূলত এলাকার দরিদ্র ও প্রান্তিক আদিবাসী মানুষদের সঙ্গে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য।
এই কর্মসূচিতে শালবনি এলাকার প্রচুর সংখ্যক আদিবাসী মানুষদের মধ্যে শীতবস্ত্র, কম্বল, শাড়ি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। শীতের এই সময়ে প্রয়োজনীয় সামগ্রী পেয়ে স্বভাবতই আপ্লুত হয়ে পড়েন এলাকার মানুষজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সৌতম ব্যানার্জি, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পুলিশ আধিকারিকরা।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী বলেন, “এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা এলাকার পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে চাই। যাতে তারা বুঝতে পারেন, যে কোনও সময় বিপদে-আপদে সরকার ও পুলিশ প্রশাসন তাদের পাশে রয়েছে।”
এই কর্মসূচির মাধ্যমে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, বরং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার বার্তাও তুলে ধরা হয়েছে। জেলা পুলিশের এই উদ্যোগে এলাকাজুড়ে খুশির আমেজ লক্ষ্য করা যায়।

