সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ জুন: করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের পর সংক্রমণের বিরুদ্ধে সকলে একযোগে লড়াইয়ে নেমে পড়েছে। রবিবার ছুটির দিনেও উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে বেড়িয়ে পড়েন জেলাশাসক সুমিত গুপ্তা, পুলিশ সুপার তরুণ হালদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
রবিবার দুপুরে গাইঘাটা ব্লকের অধীন রাজ্যের দ্বিতীয় সর্ববৃহৎ ঠাকুরনগর ফুলবাজারে লকডাউন সহ করোনা বিধি মানা হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখেন। ঠাকুরনগর ফুল বাজার ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থপ্রতিম বিশ্বাস, আহ্বায়ক প্রশান্ত দাসের সঙ্গে করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন তা নিয়ে আলোচনা করেন। লকডাউনের সময়সীমার বাঁধনে ক্ষতিগ্রস্ত জবাফুল চাষিদের কথাও বিবেচনা করা হবে বলে তিনি জানান। আগামীতে আরও কঠোর ভাবে করোনা বিধি মানার জন্য বলেন। জেলাশাসক সংগঠনকে আশ্বাস দেন কয়েক দিনের মধ্যে বেশি সংখ্যক ব্যবসায়ীকে টীকাকরণের ব্যবস্থা করবেন। এদিন তিনি ফুলবাজারের সংগঠনের সকল ব্যবস্থাপনায় খুশি হয়েছেন এবং প্রশাসনের সঙ্গে আরও সহযোগিতার কথা বলেন।

এই পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, সহ-সভাপতি ইলা বাগচী, গাইঘাটা থানার আধিকারিক বলাই কুমার ঘোষ, গাইঘাটার সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিক রায় সহ গাইঘাটা ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা।

