DM, Bankura, ভোটের আগে বাঁকুড়ার জেলাশাসক বদলি, নতুন জেলাশাসকের দায়িত্বে অনীশ দাশগুপ্ত

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ মার্চ: বিধানসভা নির্বাচনের আগে জেলাশাসক সিয়াদ এন বদলি হলেন রাজ্য সরকারের নির্দেশে। নবান্ন থেকে ৬ মার্চ প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, তাঁকে উত্তর ২৪ পরগণার জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাঁকুড়ার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অনীশ দাশগুপ্ত। তিনি ২০১৬ ব্যাচের আইএএস অফিসার। বিদায়ী জেলাশাসক সিয়াদ এন কে ছিলেন ২০১৪ ব্যাচের আইএএস অফিসার।

অনীশ দাশগুপ্ত এর আগে নদিয়ার জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে বাঁকুড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিনি আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও কাজ করেছেন। এই বদলিকে নির্বাচনের আগে রুটিন প্রশাসনিক রদবদল হিসেবেই দেখা হয়েছে। বাঁকুড়ার প্রাক্তন জেলা শাসক সিয়াদ এন কে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা নিয়ে ছিলেন। বিভিন্ন প্রশাসনিক কাজ, উৎসব ও জনসংযোগমূলক কর্মসূচিতে তাকে প্রায়ই দেখা গিয়েছে।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে জেলা প্রশাসনে এই পরিবর্তন ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অন্যদিকে এসআইআর আবহে ও বিধানসভা নির্বাচনের মুখে নতুন জেলাশাসক অনীশ দাশগুপ্তর কাছে প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা চ্যালেঞ্জ হবে বলে অনেকে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *