আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর:
আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজের গতি কেমন তা জানতে কেশিয়াড়ি ঘুরে গেলেন জেলা শাসক আয়েষা রানি। সোমবার বিকেলে কেশিয়াড়িতে আসেন তিনি। এদিন প্রথমে লোধা জনজাতিভুক্ত এলাকা লেঙ্গামারাতে যান। সেখানে এলাকার বেশ কয়েকজন প্রবীণ মহিলাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। পরে এলাকায় আবাস যোজনার তালিকায় নাম থাকা পরিবারগুলির বাড়ি ঘুরে দেখেন। লেঙ্গামারা এলাকার গিরিপাড়াতে গিয়ে আবাস যোজনায় কে বাড়ি পাবেন, কারা পাবেন না তা খতিয়ে দেখেন। অনেকের পাকা বাড়ি দেখে মন্তব্য করতেও শোনা যায় জেলা শাসককে। যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশও দেন পঞ্চায়েতের কর্মীদের।
পরে আবাস যোজনার তথ্য যাচাইয়ের কাজে পিছিয়ে থাকা কেশিয়াড়ি পঞ্চায়েতে ঢোকেন আয়েষা রানি। সার্ভের কাজ কেন পিছিয়ে আছে তার খোঁজ নেন। দ্রুত কাজ শেষ করতে পরিদর্শনের টিম বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিডিওকে। মূলত সমীক্ষা বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা করেন তিনি।
জেলা শাসক বলেন, “সরকারি পরিষেবা লোধা পরিবারগুলি কতটা পাচ্ছেন তা দেখা ও আবাস প্লাসের সার্ভে কাজ খতিয়ে দেখতেই মূলত আসা।”

