উত্তর দিনাজপুর জেলার ৯ জন ছাত্রের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যে চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্ররা যে কোনও সময় পড়াশোনা সংক্রান্ত প্রয়োজনে এই ঋণ ব্যবহার করতে পারেন। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার নয়জন ছাত্রের হাতে এই কার্ড তুলে দেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। নতুন কার্ড হাতে পেয়ে খুশী ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য, রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্নাতক, স্নাতকোত্তর, ডাক্তারি, আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেলওয়ে, স্টাফ সিলেকশন কমিশন বা অন্য কোনও পেশাদার পাঠ্যক্রমের জন্যে ছাত্ররা কোনও বৈধ প্রতিষ্ঠানে পড়াশোনা করলেই এই ঋণ পেতে পারেন। ঋণ নেওয়া যাবে সর্বোচ্চ দশ লক্ষ টাকা। ১৮ থেকে ৪০ বছর বয়সীরাই এই প্রকল্পের সুযোগ পাবেন।

আবেদনকারীর বয়স হতে হবে, ৪০ বছরের মধ্যে। ঋণের মেয়াদ থাকবে ১৫ বছর পর্যন্ত। দশ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা সেল্ফ ডিক্লেয়ারেশন দিয়েই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে। লোনের ক্ষেত্রে গ্যারেন্টার থাকছে রাজ্য সরকার৷ মঙ্গলবার এই কর্মসূচির সূচনা হল উত্তর দিনাজপুর জেলাতে। এদিন উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনের বিবেকানন্দ সভাগৃহে জেলার ৯ জন ছাত্র- ছাত্রীর হাতে কার্ড ও মুখ্যামন্ত্রীর শুভেচ্ছাবার্তা তুলে দেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।

জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার কথা মাথায় রেখে ১৮-৪৫ বছর বয়সী পড়ুয়াদের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আপাতত বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। তবে আগামীতে আরও ব্যাঙ্কের মাধ্যমেও কার্ডের কাজ করা হবে। ইতিমধ্যেই ১৫৫টি আবেদন জমা পরেছে। আবেদন করা যাবে অনলাইনে। এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে খুশি পড়ুয়ারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিনের অনুষ্ঠানে জেলাশাসক অরবিন্দ কুমার মীনা সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *