বিডিওর উদ্যোগে পতিত জমিতে গড়ে ওঠা পুষ্টিকর বাগানের উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়

আশিস মণ্ডল, রামপুরহাট, ৬ ডিসেম্বর: রোগীদের সুস্থ হতে প্রয়োজন পুষ্টিকর খাবার। তাই এবার অব্যবহৃত জমিতে পুষ্টিকর বাগান গড়ল বীরভূমের পাইকার ব্লক স্বাস্থ্য কেন্দ্র। মুরারই ২ নম্বর ব্লকের বিডিও মহম্মদ নাজির হোসেনের উদ্যোগে গড়ে ওঠা বাগানের উদ্বোধন করলেন জেলা শাসক বিধান রায়। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন অব্যবহৃত জায়গা, পতিত এবং বন্ধু জমি সংস্কার করে গড়ে তুলতে হবে বাগান। করতে হবে সবুজায়ন। এই প্রকল্প মুখ্যমন্ত্রীর মাটি সৃষ্টি প্রকল্পের অন্তর্ভুক্ত না হলেও এটা তারই নামান্তর বলে দাবি প্রশাসনের।

সোমবার পুষ্টিকর বাগানের উদ্বোধন করে জেলা শাসক বিধান রায় বলেন, “আমরা আগেই ঘোষণা করেছিলাম ১০০ দিনের কাজে অব্যবহৃত জমি সংস্কার করে সবুজায়ন গড়ে তুলতে হবে। আমরা এখানে প্রথম পর্যায়ে ৫ বিঘে জায়গায় উপর এই বাগান তৈরি করলাম। এখানে যে সবজি বা ফল হবে সেগুলি রোগীদের খাওয়ানো হবে। এটা মুখ্যমন্ত্রীর মাটির সৃষ্টি প্রকল্পের নামান্তর”।

মুরারই ২ নম্বর ব্লকের বিডিও মহম্মদ নাজির হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে হাসপাতালের ওই জায়গা পতিত হয়ে পড়েছিল। আমরা সেই জমিতে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যায়ে আগাছা কেটে সবজি ও ফলের গাছ লাগলাম। তার মধ্যে ১২ লক্ষ টাকার গাছ কেনা হয়েছে। বাগানে ১০ রকম সবজি, ফলের গাছ ১৭ রকম এবং ঔষধি গাছ রয়েছে ৭ রকম। আগামী দিনে আরও গাছ বাড়ানো হয়েছে। তাছাড়া জমির মাঝে মাঝে খাল কেটে মাছ চাষ করা হয়েছে। ইতিমধ্যে সবজি তোলা শুরু হয়েছে। এদিন জেলা শাসকের মাধ্যমে কিছু সবজি স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হল। যারা হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ করে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *