রাত ১২টায় ভবঘুরে নিরাশ্রয় দিনদরিদ্র মানুষের পাশে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ ডিসেম্বর: ঘড়িতে রাত ১২টা বাজতেই ভবঘুরে নিরাশ্রয় দিনদরিদ্র মানুষের কাছে সান্তাক্লজ রূপে হাজির হলেন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা রাজপথের ধারে ফুটপাতে থাকা মানুষদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র কম্বল ও বড়দিনের কেক।

প্রতি বছর ২৪ শে ডিসেম্বর রাত ১২টা বাজতেই গির্জায় গির্জায় বড়দিনের ঘন্টা বাজার সাথে সাথেই কম্বল আর কেক এর সম্ভার নিয়ে রায়গঞ্জ শহরের রাস্তায় বেড়িয়ে পড়েন প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। সাথে দলের অনুগত সৈনিকরা। রায়গঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে কিংবা রাজপথ বা শহরের অলিতে গলিতে সহায় সম্বলহীন দুস্থ মানুষদের প্রবল শীতের হাত থেকে রক্ষা করতে তাদের হাতে তুলে দেন শীতবস্ত্র কম্বল।

এবারও তার অন্যথা হল না। শনিবার রাত তখন বারোটা। কুয়াশার চাদরে মোড়া শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত। কনকনে সেই ঠান্ডার মধ্যে জেলা কংগ্রেস সদস্যরা নেমে পড়েছিলেন শহরের রাস্তায়। রেলস্টেশন, মোহনবাটীবাজার, পৌর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া ভবঘুরে মানুষদের হাতে তারা তুলে দেন কেকের প্যাকেট। পরম স্নেহে শরীরে জড়িয়ে দেন শীতবস্ত্র। জেলা কংগ্রেস নেতৃত্বের এই মানবক উদ্যোগে আপ্লুত দুস্থ মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *