স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ এপ্রিল: কালিয়াগঞ্জের নৃশংস ঘটনার পর দুদিন কেটে গেলেও তদন্তকারী অফিসার, জেলা পুলিশ সুপার, এমনকি জেলা শাসক কেন ঘটনাস্থলে এলেন না তা নিয়ে প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় তপশিলি জাতি কমিশনের ভাইস চেয়ারপার্সন অরুণ হালদার। রবিবার মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি যেখানে মৃত কিশোরীর দেহ উদ্ধার হয়েছে সেখানে গিয়েও সরজমিনে খতিয়ে দেখেন কেন্দ্রীয় কমিশনের আধিকারিকরা।

এরপরই সাংবাদিক সম্মেলন করে জেলা প্রশাসনিক কর্তাদের কাঠগড়ায় তুলে ৩ দিনের মধ্যে দিল্লিতে তাদের তলব করা হবে হবে বলে জানান তিনি। এব্যাপারে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিশনের আধিকারিক।


