আমাদের ভারত, হাওড়া, ২৮ আগস্ট: কয়েকদিন আগেই শ্যামপুরের অমরপুরে ১৫০ মিটার নদী বাঁধ প্রায় ৬ ফুট নীচে বসে গিয়েছিল। আর সেই নদী বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করতে শুক্রবার বিকেলে শ্যামপুরে আসে জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য ছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে আসেন হাইড্রলজি ডেপুটি ডিরেক্টর দীপঙ্কর রায় সহ সেচ দপ্তরের আধিকারিকরা। এদিন আধিকারিকরা ভাঙ্গন কবলিত নদী বাঁধ এলাকা পরিদর্শন করেন এবং যুদ্ধকালীন ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দেন।

সেচ দপ্তর সূত্রে খবর, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাদিয়াড়া থেকে কিছুটা দূরে ৫৬০ মিকার এলাকার নদী বাঁধ সংস্কার করা হবে পাশাপাশি অমরপুরে ১৫০ মিটার একটি নতুন বাঁধ তৈরি করা হবে। সেচ দপ্তর সূত্রে খবর, সামনেই ষাঁড়াষাঁড়ি বাণ আর তার আগেই যাতে ভাঙ্গন কবলিত নদী বাঁধ সংস্কার করা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, একটানা বৃষ্টি এবং কোটালের জলে গত সপ্তাহে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া থেকে কিছুটা দূরে খেজুরতলায় নদীর জল গ্রামে ঢুকে পড়ে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা করা হয়। অন্যদিকে এই ঘটনার কয়েকদিন পরেই অমরপুরে নতুন করে ১৫০ মিটার নদী বাঁধ ৬ ফুট নিচে নেমে গেলে আরো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাতের ঘুম উড়ে যায় তাদের। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা এবং বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধ সংস্কারের নির্দেশ দেন। এদিকে নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ।


