পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: যুব সমাজকে খেলাধূলার প্রতি আরও উৎসাহিত করতে ও ক্রীড়ার মানোন্নয়নের লক্ষ্যে বৃহৎ উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। বৃহস্পতিবার মেদিনীপুরের বিদ্যাসাগর হল ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার ২৫০টি ক্লাবের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ অমিয় ভট্টাচার্য, আমজাদ আলী ও অর্জুন কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান মৌ রায়, কাউন্সিলর মৌসুমী হাজরা সহ অন্যান্য কাউন্সিলর এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।

বিধায়ক সুজয় হাজরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী খেলাধূলার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বিভিন্ন এলাকায় ক্রীড়া পরিকাঠামো ও সরঞ্জাম দেওয়ার কাজ চলছে। তিনি বলেন, “যুবক ও তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে খেলাধূলার বিকাশ অত্যন্ত জরুরি। সেই উদ্দেশ্যেই ২৫০টি ক্লাবকে ফুটবল, ক্রিকেট সেট ও ব্যাডমিন্টন সামগ্রী দেওয়া হলো।”

শুধু ক্রীড়া সামগ্রী বিতরণই নয়, এদিন ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও আর্থিক সহায়তা ঘোষণা করা হয়। লং জাম্পের মাঠ তৈরির জন্য জেলা ক্রীড়া সংস্থাকে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাডমিন্টন কোর্ট প্রস্তুতের জন্য স্পোর্টস ম্যান রিক্রিয়েশন ক্লাবকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ক্লাব সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে এলাকার ক্রীড়া চর্চাকে আরও শক্তিশালী করবে এবং প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার পথ সুগম করবে।

