পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: আজ পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্ডের প্রতিটি মুসলিম পরিবারের হাতে ইফতার সামগ্রী তথা বিভিন্ন রকম ফল সহ শুকনো খাওয়ার তুলে দিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই ও ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী।

আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকুমার পড়্যা, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, ওয়ার্ড নেতৃত্ব কালোসোনা রোম, দেবব্রত দাঁ,নসেক দিলশাদ, যুব নেতৃত্ব সেক আজহার উদ্দিন, মহিলা নেতৃত্ব জয়শ্রী দাঁ, মৌসুমী বেগম প্রমুখ। পবিত্র রমজান মাসে প্রিয় কাউন্সিলরের দিক থেকে এই আপ্যায়ন পেয়ে স্বভাবতই খুশি ওয়ার্ডের প্রতিটি সংখ্যালঘু পরিবার।
কাউন্সিলর লিপি বিষই জানান, “প্রতি বছরের মতোই এবছরও আজ আমরা এই কর্মসূচি বাস্তবায়িত করলাম।আগামী কয়েকদিনের মধ্যে আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষ্যে প্রতিটি মুসলিম পরিবারের হাতে নতুন জামাকাপড়ও তুলে দেবো”। সেই সঙ্গে তিনি আজ প্রিয় ওয়ার্ডবাসীকে প্রতি পবিত্র রমজান মাস ও ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানান।

