অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ সেপ্টেম্বর: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের প্রত্যন্ত গ্রাম ছোট ঝাউরি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া লোধা শবর অধ্যুসিত এলাকাতে দুর্গাপূজা উপলক্ষ্যে নতুন শাড়ি, নতুন টি-শার্ট ও জামা উপহার হিসাবে তুলে দিল কলকাতার সেচ্ছাসেবী সংস্থা আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

মা আসছেন চারিদিকে সাজো সাজো রব। প্রকৃতি আপন খেয়ালে কাশ ফুলের মালা পরে সেজে উঠেছে। সেজে উঠবেন মা নতুন রূপে সাজসজ্জায়। আগমনীর সুর বাজলো বলে। কিন্তু জ্যান্ত দুগ্গা মায়েদের জন্য সাজসজ্জা দিয়ে সাজাবে কে? গোপীবল্লভপুরের সেচ্ছাসেবী সংগঠন একমুঠো স্বপ্ন পরিবারের আহ্বানে সাড়া দিয়ে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া লোধা শবর মানুষজনের হাতে নুতন শাড়ি, টি-শার্ট ও ছোট ছোট বাচ্চাদের হাতে পড়াশোনার সামগ্রী প্রায় ২০০ জনের হাতে তুলে দেয় আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সমাজকর্মী রাজদীপ ঘোষ জানান, জঙ্গল মহলের মানুষ খুশি হয়েছেন এটাই বড়ো পাওনা। উনারা আবার আসবেন বলে কথা দেন। এই অনুষ্ঠানকে সমাজের সব স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

