পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: জেলা সভাপতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দল ছাড়ার কথা রাজ্য সভাপতিকে জানালেন বিজেপির বেশ কয়েকজন। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানালেন বিজেপির নারায়ণগড় ৩ নম্বর মণ্ডলের সভাপতি তপন কুইলা। তিনি জানান, গত পঞ্চায়েত নির্বাচনে এই মণ্ডল জেলাতে ভালো ফল করেছে। তারপরেও নতুন জেলা সভাপতি সুদাম পণ্ডিতের কিছু সিদ্ধান্ত মানা যাচ্ছে না।

এদিন তপন কুইলা-সহ বিজেপির ৩১ জন পদাধিকারি দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি পাঠিয়েছেন। একপ্রকার জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। তাদের বক্তব্য, কোনও একজনের কথামতো চলছেন জেলা সভাপতি। নারায়ণগড় ৩ নম্বর মণ্ডলে সভাপতিকে বাদ দিয়ে একজন কনভেনর নিযুক্ত করা হয়েছে, যা একেবারেই মানতে পারেননি মণ্ডল সভাপতি-সহ অন্যান্যরা।
তপন কুইলা বলেন, “রাজ্য সভাপতির কাছে পদত্যাগ পত্র পাঠানো হয়েছে। আমরা জেলা সভাপতির দ্বিচারিতা মেনে নিতে পারছি না।”

