সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়, ২ আগস্ট: একদিকে অতি বৃষ্টিতে নাকাল জেলাবাসী, অপরদিকে শহরজুড়ে পানীয় জলের হাহাকার। গত তিনদিন ধরে বাঁকুড়া পৌর এলাকায় পানীয় জল সরবরাহ প্রায় বন্ধ। জলের সমস্যা মেটাতে পৌরসভার বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
বাঁকুড়া পৌর এলাকায় ২৪টি ওয়ার্ডে নল বাহিত পানীয় জল সরবরাহ করে পৌরসভা।শহরের দুই পাশে বয়ে চলা গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী গর্ভে গভীর কূপ খনন করে পাম্পের সাহায্যে জল উত্তোলন করে তা সরবরাহ করা হয়। এরজন্য তিনটি পাম্প হাউস রয়েছে। অতি বৃষ্টিতে সেই পাম্প হাউসগুলি জলের তলায়। যার ফলে জল সরবরাহে বিঘ্ন ঘটছে। এদিকে পানীয় জল না পাওয়ায় শহরজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।শহরবাসীর অভিযোগ, তিনদিন ধরে জল সরবরাহ নেই, যেটুকু আসছে তা ঘোলা, পানের অযোগ্য। পৌরসভা জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সেই জল সংগ্ৰহ করতে ঝামেলার সৃষ্টি হয়েছে কোথাও কোথাও।

এ প্রসঙ্গে পৌর প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ
আগরওয়াল জানান, দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীতে জল উপচে পড়ার কারণে পাম্প হাউস ও কেবল ডুবে যাওয়ায় বিপত্তি হয়েছে।আজ পরিস্থিতি অনেকটাই অনূকূলে। সরবরাহ শুরু হয়েছে। আগামী কাল জল সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

