যাত্রী তোলা নিয়ে বিবাদ, বনগাঁয় মাথা ফাটলো টোটো চালকের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ ডিসেম্বর: যাত্রী তোলা নিয়ে বিবাদের জেরে এক টোটো চালককে মেরে তাঁর মাথা ফাটিয়ে দিল অন্য দুই টোটো চালক। আহত টোটো চালকের মাথায় সেলাই পড়েছে। বৃহস্পতিবার দুপুরে বনগাঁ থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে আইএনটিটিইউসি।

জানা গেছে, বৃহস্পতিবার বনগাঁর পাইকপাড়া এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে অন্য টোটো চালকের সঙ্গে বচসা বাধে আর এক টোটো চালক আবু তাহের সরদারের। তখনকার মতো বিবাদ মিটিয়ে যাত্রী তুলে রওনা দেন আবু তাহের। এরপর এদিন দুপুর ২ টো নাগাদ বনগাঁ স্টেশন থেকে যাত্রী তুলে মতিগঞ্জ এলাকায় যাত্রীদের নামানোর পর ঝন্টু গাজি ও পিন্টু গাজি নামে দুই টোটো চালক আবু তাহেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঝন্টু এবং পিন্টু সম্পর্কে দুই ভাই। মারধরে আবুর মাথা ফেটে যায়।

রক্তাক্ত আবুকে এরপর অন্য টোটো চালকরা চিকিৎসার জন্য বনগাঁ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় ৪ টি সেলাই পরে। এরপর তিনি বনগাঁ থানায় ঝন্টু গাজী ও পিন্টু গাজীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আহত আবু তাহের। তাঁর আরও অভিযোগ, এর আগেও এই দুই টোটো চালক ভাই তাঁকে নানাভাবে হুমকি দিয়েছে। এরপর এদিন হামলা চালিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে।

এই হামলার ঘটনার তীব্র নিন্দা করে আইএনটিটিইউসির বনগাঁ ব্লক সভাপতি অমিত কুমার বসু জানান, ‘আইএনটিটিইউসির ব্যানার ব্যবহার করে বনগাঁর কিছু টোটো চালক আলাদা ইউনিয়ন তৈরি করে নানা সমস্যা তৈরি করছে। এই অবৈধ ইউনিয়নের কাজকর্মের বিরুদ্ধে সংগঠনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এর আগেও অভিযোগ জানানো হয়েছে। ওই অবৈধ সংগঠনেরই সদস্য ঝন্টু এবং পিন্টু। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ঝন্টু এবং পিন্টুকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *