সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ ডিসেম্বর: চাষের জমির আল কাটা নিয়ে বিবাদের জের, নাক কামড়ে নিল প্রতিবেশী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার মেহেরনগর গ্রামে। আহত মিন্টু তরফদার বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
গোপালনগর থানার মেহেরনগর গ্রামের বাসিন্দা মিন্টু তরফদার প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির পাশেই চাষের জমিতে গিয়েছিলেন। জাওয়াদের জেরে নিম্নচাপের কারণে গত দুদিনের টানা বৃষ্টিতে জল জমেছে চাষের জমিতে, মিন্টু বাবু জমিতে সরিষা চাষ করেছেন। সকালে জমিতে গিয়ে দেখতে পান তার পাশের জমির মালিক আতুল্য মন্ডল নামে এক প্রতিবেশী তার জমির জল আটকে দিয়েছেন আল বেঁধে। আল বেঁধে জমির জল আটকে দেওয়ায় মিন্টু বাবুর জমির সরষে তলিয়ে যায়। তার জমির জল বের করতে জমির আল কেঁটে দেন মিন্টুবাবু। তাই নিয়েই আনুমানিক সকাল ৮ টা নাগাদ বিবাদ শুরু হয় প্রতিবেশী আতুল্য মন্ডলের সাথে। ঘটনার সময় মিন্টু বাবুর সাথে তার ভাইপো উপস্থিত ছিলেন।

মিন্টুবাবু অভিযোগ করেন, আতুল্য মন্ডল ও তার সহযোগীরা পারঘাটা এলাকায় তাদের জমির পাশের রাস্তার উপর ফেলে মারধর করতে শুরু করে। মারধর করার সময় আতুল্য মন্ডল নামে ঐ ব্যক্তি মিন্টু বাবুর নাক কামড়ে নেন। সেই অবস্থায় মিন্টু তরফদারের বাড়ির লোকজন তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। আপাতত মিন্টু তরফদারের অবস্থা স্থিতিশীল, তিনি বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের তরফ থেকে আতুল্য মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গোপাল নগর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে আক্রান্ত মিন্টু তরফদার বলেন, পরিকল্পনা করে আমার নাকে কামড় দিয়ে ছিড়ে দিয়েছে। পুলিশকে জানিয়েছি, অভিযুক্তকে গ্রেফতারের করার দাবি জানিয়েছি।

