আমাদের ভারত, ১৭ মার্চ: ভারত- আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। নতুন শুল্ক কাঠামো নির্ধারিত হলে দু’দেশের মধ্যে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সই করা হবে বলে সোমবার জানালো কেন্দ্র সরকার।
কেন্দ্রের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানান, ভারত ও আমেরিকার মধ্যে চুক্তির নানা সূক্ষ্ম বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে। এই মুহূর্তে আমরা আমেরিকার সঙ্গে চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করছি। তার কথায় শুল্ক কাঠামো কার্যকর হওয়ার পরে ভারত- আমেরিকা বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হবে।
সরকারের এই মন্তব্য সামনে আসতেই দেশে সাম্প্রতিক বাণিজ্য পরিসংখ্যান প্রকাশের পর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ভারতের পন্য রপ্তানি সামান্য কমেছে। ফেব্রুয়ারিতে ভারতের রপ্তানি দাঁড়িয়েছে ৩৬.৬১ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ০.৮১ শতাংশ কম।
অন্যদিকে আমদানি খাতে দেখা গেছে বড় উত্থান। ফেব্রুয়ারিতে ভারতের আমদানি বের হয়েছে ৬৩.৬১ বিলিয়ন ডলার। যা এক বছর আগে ছিল ৫১.৩৩ বিলিয়ন ডলার, অর্থাৎ ২৪.১১ শতাংশ বৃদ্ধি হয়েছে আমদানিতে।
ফেব্রুয়ারিতে রপ্তানিতে সামান্য পতন দেখা গেছে তবু সামগ্রিকভাবে ভারতের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেই দাবি সরকারের। বাণিজ্য সচিবের মতে বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্য ভারতের রপ্তানি মোটের উপর স্থিতিস্থপকতা দেখিয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ভারতের মোট রপ্তানি ১.৮৪% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আমদানি বেড়েছে ৭১৩.৫৩ বিলিয়ন ডলার। সরকারের মতে এর পেছনে রয়েছে দেশের আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং বিদেশ থেকে পণ্য আমদানি করা।

