আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ মার্চ: প্রথম ইন্ডিয়ান ফিশারি আউট লুক ২০২২ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তর্স্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রে। আজ থেকে শুরু করে চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। প্রদীপ জ্বালিয়ে এই প্রথম ইন্ডিয়ান ফিশারি আউট লুক ২০২২ এর সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার (কলকাতা) -র সম্পাদক, ডঃ জয়কৃষ্ণ জেনা, ডেপুটি ডিরেক্টর
আইসিএআর( নিউ দিল্লি), ডঃ বসন্ত কুমার দাস, ডিরেক্টর সিফরি ব্যারাকপুর। মূলতঃ মৎস্য গবেষণা ও চাষের সুদূর প্রসার ও উন্নতির লক্ষ্যে মৎস্য বিজ্ঞানী ও ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এদিন মন্ত্রী সুন্দর বনের হত দরিদ্র মৎস্য চাষিদের আর্থিক ভাবে এগিয়ে নেবার জন্য রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেন যে সঠিক প্রশিক্ষণই পারে বাংলায় মাছের যোগান আরো বাড়াতে।
এদিন মৎস চাষিদের উন্নয়ন প্রসঙ্গে আশার কথা শোনালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মৎস্য চাষিদের অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে যাতে মাছে ভাতে বাঙালিদের আর অন্দ্রের মাছের ওপর নির্ভর করতে হবে না বলে মন্তব্য করেন সুন্দর বন উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “পুকুর ভরাট ও নানা রকম প্রকৃতিক বিপর্যয়ের জন্য ক্ষতিগ্রস্থ সুন্দর বনের মৎস্য চাষিরা। তাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য রাজ্য সরকার ১৪ কোটি টাকা ব্যায়ে ৩০ হাজার পরিবারকে মাছের চারা দিয়েছে, মাছ চাষের জন্য মাছের খাদ্য তাদের সরবরাহ করা হয়েছে। সেই সঙ্গে তাদের বৈজ্ঞানিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা স্বনির্ভর হওয়ার পাশাপাশি রাজ্যের বাসিন্দাদের অন্ধ্র প্রদেশের মাছের আশায় থাকতে না হয়।”

