আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট: রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল নারী সশক্তিকরণ বিষয়ক আলোচনা সভা। জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি”র ব্যবস্থাপনায় ও অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওয়াহেদ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক-শিক্ষিকা সংগঠনের জেলা সভাপতি অমিতেশ চৌধুরী। উপস্থিত ছিলেন মুক্তির কর্ণধার শঙ্কর হালদার, সম্পাদক সত্যজিৎ রায়, অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি, জেলা সম্পাদক ভূপাল প্রসাদ চক্রবর্তী প্রমুখ। চারাগাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত অতিথিদের হাতে এদিন মেদিনীপুর জেলার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পটচিত্র তুলে দেওয়া হয়, সঙ্গে পটের গান পরিবেশিত হয়। এছাড়াও “আদিবাসী নৃত্য” পরিবেশনের মাধ্যমে অতিথিদের সম্মান জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তি” পশ্চিম মেদিনীপুরের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেসের সঙ্গে সমাজসেবামূলক কাজকর্ম করার অঙ্গীকার করেন।

এদিনের আলোচনা সভা থেকে বাল্যবিবাহ, নারী পাচার, নারীর প্রতি অত্যাচার ও দুর্ব্যবহার ইত্যাদি রুখে নারী কল্যাণে আরও বেশি অগ্রণী ভূমিকা নিতে বিদ্যালয় প্রধানদের অগ্রণী ভূমিকা পালনে আহ্বান জানানো হয়। জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা এদিনের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় ও দাঁতন হাইস্কুলের প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ। সবুজায়নের বার্তা দিতে শিবিরে আগত অতিথিদের হাতে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

