জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুন:
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও শালবনি থানার উদ্যোগে মেদিনীপুর সিটি কলেজে সাইবার ক্রাইম বিষয়ক একটি বিশেষ সচেতনতা শিবির হয়েছে। শিবিরে অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়া, মেদিনীপুর বনবিভাগের অ্যাডিশনাল ডিএফও, শালবনি থানার দায়িত্বপ্রাপ্ত আইসি গোপাল বিশ্বাস সহ কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে এবং গাছে জল দিয়ে শিবির শুরু হয়। কলেজ পড়ুয়াদের অনেকেই বিভিন্ন রকম অপরাধমূলক কাজের শিকার হচ্ছেন, তাই বর্তমান সময়ে ছেলেমেয়েদের অপরাধপ্রবণতা থেকে কিভাবে সচেতন ও দূরে রেখে সমাজকে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে কুইজ এবং দৃশ্য-শ্রাব্য উপকরণের মাধ্যমেও সতর্ক করা হয়। উন্নত সমাজ গড়ার লক্ষ্যে অতিরিক্ত জেলা শাসক তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের কলেজে পড়তে পড়তেই সিভিল সার্ভিস, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির কথা বলেন।

