সাথী প্রামানিক, পুরুলিয়ায়, ২০ নভেম্বর: পুরুলিয়া জেলা জুড়ে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। আজ বিকেলে বান্দোয়ানের জাহিরাডি গ্রামের কাছে রাজ্য সড়কে বাইক ও স্কুটার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের। দুই জনই বাইক চালক। ঘটনায় আহত হন আরও তিন জন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে অবস্থার উন্নত চিকিৎসার জন্য আহতদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঝাড়খণ্ডের টি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় মৃতদের নাম অজয় কর্মকার (২৩) ও সুদর্শন টুডু(৪৪)।
অন্যদিকে কাল রাত থেকে অন্য তিনটি ঘটনায় তিন জন মারা যান। পুরুলিয়া মফস্বল থানার আমজোড়া গ্রামের কাছে একটি মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় রানী বাউরি(৬২) নামে এক বৃদ্ধার। গিড়গিড়ি মোড়ের কাছে রাস্তা পারাপার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম বিবেক পাল(৪০)।
বান্দোয়ান থানার মাগলা গ্রামের বাসিন্দা তিখুড় মাঝি(৬৩) নামে এক বৃদ্ধ মাঠ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় পিছন দিক থেকে একটি মোটরসাইকেল ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

