আমাদের ভারত, কলকাতা, ২৭ আগস্ট: কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের উদ্যোগে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১২৬ জন যাত্রী। এটিসির সহযোগিতার নাগপুর বিমানবন্দরে ইমারজেন্সি ল্যান্ডিং করল বাংলাদেশের একটি যাত্রীবাহী বিমান। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।
এদিন ভাল ভাবেই আকাশে উড়েছিল বাংলাদেশের বিমানটি। কিন্তু আচমকাই বিপর্যয় নেমে এল। মাঝ আকাশে সকাল ১০:৩০ নাগাদ অসুস্থ বোধ করতে শুরু করেন পাইলট। কলকাতার আকাশসীমায় ঢোকার পর হৃদরোগে আক্রান্ত হন ওই পাইলট এমনটাই এটিসি সূত্রে খবর। মাসকট থেকে ঢাকায় যাচ্ছিল ওই আন্তর্জাতিক বিমান। কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সহযোগিতায় নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করালেন সহকারি পাইলট।
কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের উদ্যোগে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন পাইলট। কলকাতা এটিসিই ব্যবস্থা করেছে জরুরি অবতরণের, এমনটাই জানানো হয়েছে। শুক্রবার সকাল ১১:৪০ নাগাদ ১২৬ জন প্যাসেঞ্জার নিয়ে বিমান বাংলাদেশের বোয়িং বিমানটি নাগপুর বিমানবন্দরে সফলভাবে এমারজেন্সি ল্যান্ডিং করে।

