রাজেন রায়, কলকাতা, ২৪ সেপ্টেম্বর: গত রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টি। এদিকে বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জলমগ্ন পরিস্থিতি। অবশেষে শুক্রবার সকাল থেকে রোদের দেখা মিললেও সেই জল কিন্তু যায়নি এখনও পর্যন্ত। রাস্তায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষকে অনেকটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
রাস্তা একেবারে খানা খন্দে ভরে গিয়েছে। এদিকে জমা জলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে বহু মানুষ। তবে এখনও কাটেনি এই দুর্যোগ। ফের রবিবার গভীর নিম্নচাপ আসতে চলেছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ওড়িশার দিকে এগিয়ে আসছে। এর গতিপথ ওড়িশার দিকে হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে। তবে ওই নিম্নচাপের জেরে বৃষ্টি হলেও প্রবল ঝড় বা বড় বিপর্যয়ের আশঙ্কা কম।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মোটামুটি ৩৩ ডিগ্রি সেলসিয়াল থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৭.৩ মিলিমিটার।
তবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলা করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। তবে এইভাবে লাগাতার বৃষ্টি চলতে থাকলে, পুজোতে জল যন্ত্রনায় ভুগতে হতে পারে সাধারণ মানুষকে।

