আমাদের ভারত, কলকাতা, ২১ অক্টোবর: টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন ভঙ্গ নিয়ে এবার সরব পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। সল্টলেকে মধ্যরাতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা করেছেন তিনি।
উল্লেখ্য, এর আগেই ধর্মতলা চত্বরে আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে মেয়ো রোডে অবস্থান বিক্ষোভে অনড় চাকরি প্রার্থীরা। দুর্গাপুজোর কার্নিভ্যালের কারণে তাঁদের উঠে যাওয়ার নোটিশ ধরানো হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “ন্যয্য চাকরির দাবিতে যে প্রার্থীরা অন্দোলন করছেন, এই কার্নিভ্যালের জন্য তাঁদের উঠে যেতে বলা অমানবিক। তাদের কিছু করার নেই। তাঁরা অসহায়।”
শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করে তিনি দুষেছেন তৃণমূল সরকারকেই। পুলিশের ভূমিকারও বিরোধীতা করেছেন পরিচালক। কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, “পথে রক্ত, দেওয়াল তবু নীল সাদায় রাঙে। চোর, পুলিশ হাত মিলিয়ে আন্দোলন ভাঙে।” সর্বতভাবে তিনি যে চাকরিপ্রার্থীদের পাশে রয়েছেন, তা এই ফেসবুক পোস্টের মাধ্যমেই স্পষ্ট করে দিয়েছেন বাম মনস্ক এই পরিচালক।

