নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:
তৃণমূল ঘনিষ্ঠ পরিচালক অরিন্দম শীল বিধানসভা নির্বাচনের আগে এবার বিজেপি মুখী। এমন জল্পনা চলছে বিজেপির অন্দরে। জল্পনার অবশ্য কারণ রয়েছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে মমতা ঘনিষ্ঠ এই পরিচালককে।
প্রসঙ্গত, এক সময়ে অরিন্দম শীল বাম ঘেষা ছিলেন। টেলিভিশনের পর্দায় বামেদের হয়ে বিতর্ক সভায় যোগ দিতেন। পরিবর্তনের পরে অবশ্য নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। বাম ছেড়ে হয়েছেন তৃণমূলপন্থী। হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই দেখা যায় অরিন্দম শীলকে।
এবার অবশ্য বিজেপি নেতাদের সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছে অরিন্দম শীলকে। রুদ্রনীল ঘোষ বিজেপিতে আসতেই তিনিও বিজেপি মুখেই বলে শোনা যাচ্ছিল। কিন্তু সোমবার বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার সঙ্গে একটি চায় পে চর্চার কর্মসূচিতে প্রথম প্রকাশ্যে দেখা যায় অরিন্দম শীলকে। এরপরই শুরু হয়েছে অরিন্দম শীলের বিজেপিতে যোগদান করার জল্পনা।

