সেটিং সেটিং! কুনাল ঘোষের সঙ্গে দিলীপ–সুকান্তর ছবি ভাইরাল, জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি

আমাদের ভারত, কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: সামাজিক মাধ্যমে কুনাল ঘোষের সঙ্গে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি সোফায় বসে তিনজনে কথা বলছেন। এই নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। এর কড়া জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, পাশাপাশি দুটো সোফার একটিতে বসে রয়েছেন বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি। আর দিলীপ ঘোষের পাশের সোফায় বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। ছবি দেখে মনে হচ্ছে তিনজনে গোপনে শলাপরামর্শ করছেন। আর এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার চলছে, সেটিং সেটিং সেটিং! তাদের বক্তব্য, একদিকে বিজেপি কর্মীরা যখন মার খাচ্ছে তখন বিজেপির রাজ্য নেতৃত্ব তৃণমূলের সঙ্গে গোপনে সেটিং অর্থাৎ বোঝাপড়া করছে। এই প্রচারের ফলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিজেপির সাধারণ কর্মী থেকে জেলা এবং মন্ডল নেতৃত্বের মধ্যে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে অভিযোগ, ভোটের মুখে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যেই ছবিটি এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে যারা বিজেপির ক্ষতি চাইছে তারাই এই কাজ করছে। তারা বিভিন্নভাবে বিজেপির ক্ষতি করার চেষ্টা করছে। সুকান্তবাবুর বক্তব্য, এইভাবে বিজেপির ক্ষতি করা সম্ভব নয়। তিনি বলেন, একটি সাধারণ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রং চড়িয়ে প্রচার করা হচ্ছে। আসলে মূল বিষয়টি হল, কিছুদিন আগে একটি টিভি চ্যানেলের ২৪ বছর পূর্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপদা–ও সেখানে হাজির। এরপর আমাদের সম্বর্ধনা দেওয়া হয় ওই চ্যানেলের পক্ষ থেকে।

অনুষ্ঠান পর্ব মিটে যাওয়ার পর আমরা সোফায় বসে খাওয়া-দাওয়া করছিলাম। সেই সময় কুনাল ঘোষ সেখানে হাজির হন। তিনিও আমন্ত্রিত ছিলেন। কুনাল ঘোষ আমাদের দিকে এগিয়ে আসেন এবং দিলীপদার পাশে সোফায় ফাঁকা জায়গা পেয়ে বসে পড়েন। তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, কেমন আছেন? কুশল বিনিময়ের পরেই তিনি বলেন, এই মাত্র একটা চ্যানেলে আপনার বিরুদ্ধে বলে এলাম। তার উত্তরে সুকান্তবাবু বলেন, আপনারা যতখুশি পারেন বলে যান, এতে বিজেপির কোনও ক্ষতি করতে পারবেন না। সুকান্তবাবু বলেন, সামাজিক সৌজন্যতার এই বিষয়টিকে রং চড়িয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। কুনাল ঘোষ আমাদের বিরোধী শিবিরের কিন্তু তিনি যখন এসে কুশল বিনিময় করছেন তখন ভারতীয় পরম্পরা মেনে মুখ ঘুরিয়ে থাকা বাঞ্ছনীয় নয়। ঠিক সেই সৌজন্যতাই আমরা দেখিয়ে ছিলাম। আর সেটাকেই এইভাবে প্রচার করে বিজেপির কর্মীদের মনোবল ভেঙে দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে।

বিজেপির একটা মহলের বক্তব্য, গত বিধানসভা নির্বাচনের পর বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছেন। কিন্তু রাজ্য নেতৃত্বের দায়িত্বশীল অনেকেই তাদের পাশে দাঁড়ায়নি। সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পর নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিতে অনেকেই জায়গা পাননি, তাই তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *