নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ আগস্ট:
সর্বভারতীয় সভাপতির হস্তক্ষেপে অবশেষে সুর নরম দিলীপ ঘোষের। সাংগঠনিক আলোচনার জন্য মুকুল রায়কে ফোন করলেন দিলীপ ঘোষ। দলের সভাতির কথা মতো মঙ্গলবার দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতে সকাল ৯.৩০ নাগাদ পৌছালেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। বৈঠকে যোগ দেবার আগে মুকুল রায় বলেন, সাংগঠনিক আলোচনায় যোগ দিয়েছি। দলে রয়েছি। দলের নিয়ম মেনেই সাংগঠনিক কাজ করতে হবে। বৈঠকে যোগ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
উল্লেখ্য, দিল্লিতে গিয়েই জাতীয় পরিষদের সদস্য মুকুলকে নিয়ে সুর কিছুটা নরম করেছিলেন দিলীপ ঘোষ। রাজধানীতে সাংবাদিকদের জানিয়েছিলেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছে। আর বিজেপিতে থাকবে। তারপর সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও দিলীপ ঘোষকে সবাইকে নিয়ে চলার পরামর্শ দেন। বাংলার মানুষ বিজেপিকে চাইছে। তাই সকলকে নিয়ে কাজ করতে হবে। সবাই মিলে কাজ না করলে সাফল্য অধরা থাকবে। আর এরপর যদি সাফল্য না আসে তাহলে বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবেন না। জেপি নাড্ডার এমন মন্তব্যের পর এদিন দিলীপ ঘোষ ও মুকুল রায় বৈঠকে মুখোমুখি হলেন। দক্ষিণবঙ্গের সাংগঠনিক শক্তি বাড়াতে এদিন শুরু হয়েছে দিলীপ ঘোষের বাড়িতে তাদের আলোচনা।

