ফের দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তাঁর সংসদীয় এলাকার দাঁতন বিধানসভার সাহানিয়ায় একটি দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় আক্রান্ত হয়েছেন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


 
জানাগেছে, সাহানিয়া গ্রামে যাওয়ার পথে মনোহরপুর বাজারের কাছে “দুয়ারে সরকার” শিবির চলছিল।  অভিযোগ, সেই শিবির থেকে কিছু উন্মত্ত জনতা দৌড়ে এসে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তারা দিলীপ ঘোষের গাড়ির  সামনের অংশে ভাঙ্গচুর চালায়। সংসদের সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে সেখান থেকে কোনও রকমে বের করে আনে। হামলার ঘটনার পর কর্মসূচিতে না গিয়েই দিলীপ ঘোষ খড়্গপুরে ফিরে আসেন। বিক্ষোভের ছবি তুলতে গিয়ে কর্মরত এক সাংবাদিক বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত হয়েছেন বলে জানাগেছে। 

পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির অভিযোগ,  মনোহরপুর বাজারে দিলীপ ঘোষের গাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *